সেনা আদালতেই বিচার হবে মেজর মোজাফফরের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একই অপরাধে একজন ব্যক্তিকে দুই আইনে বিচার করা সম্ভব নয়। তাই মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য আসামিদের বিচারও সামরিক আদালতে সম্পন্ন হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমেই তাদের রায় দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার কারণে মোজাফফর হোসেনের বিচার এতদিন সম্ভব হয়নি। সম্প্রতি তাকে গ্রেফতারের পর সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, যদি কোনো সিভিল কোর্ট সংশ্লিষ্ট বিষয় থাকে, তবে সেটি পরবর্তীতে আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এর আগে যেসব আসামি দণ্ডিত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের মামলার রায়ে মোজাফফরের বিষয়ে কোনো পর্যবেক্ষণ বা ফাইন্ডিংস থাকলে জেনারেল কোর্ট মার্শাল তা বিবেচনায় নেবে। এছাড়া সিভিল কোর্টে নতুন করে তাকে একই মামলায় অন্তর্ভুক্ত করা আইনসম্মত হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখবে।

শেয়ার করুন