রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে বিলাইছড়ি যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয়রা হ্রদে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিস টিম লিডার রেজাউল করিম জানান, উদ্ধারের পর লাশ কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, দীর্ঘদিন খোঁজাখুঁজির পর লেকে ভাসমান অবস্থায় মাসুদের মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে অন্য কোনো অভিযোগ নেই।
রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের ধারণা, স্ট্রোক করার কারণে মাসুদ পানিতে পড়ে তলিয়ে গিয়ে থাকতে পারেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুল হাসান রুবেল জানান, পুলিশি তদন্তে এটি একটি দুর্ঘটনা হিসেবেই প্রতীয়মান হয়েছে। স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





