অস্ট্রেলিয়া ম্যাচের আগে ডালাসে মিশরীয় কোচিং স্টাফ ও পুলিশের হাতাহাতি

প্রকাশ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে অবস্থানরত মিশরীয় ফুটবল দলের কোচিং স্টাফের সঙ্গে স্থানীয় পুলিশের হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মিশরের ফুটবলার ত্রেজেগে ও এক ক্ষুদে ভক্তের ছবি তোলার মুহূর্তেই পুলিশের বাধার মুখে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এবং আর্জেন্টিনার ‘টিওয়াইসি স্পোর্টস’ সূত্রে জানা গেছে, ছবি তুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। মিশরের প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান পুলিশের আচরণের প্রতিবাদ করলে পরিস্থিতি আরও জটিল হয়। দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি প্রশ্ন তোলেন এবং একপর্যায়ে তাকে ধাক্কা দেওয়া হয়। এরপর প্রধান কোচ হোসাম হাসানও এই বিবাদে জড়িয়ে পড়েন এবং পুলিশ সদস্যদের সঙ্গে তার হাতাহাতি হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে মিশর দলের সদস্যদের দিকে তেড়ে আসছেন। পরবর্তীতে ওই পুলিশ কর্মকর্তার সহকর্মীরাই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় রাত ১২টায় শেষ ৩২ দলের রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর।

শেয়ার করুন