পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ:

পাবনার সাঁথিয়ায় আ. শুকুর নামের এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার রতনপুর গ্রামের আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ৪৮ বছর বয়সী আ. শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে এবং ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শুকুর নিখোঁজ ছিলেন। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় শনিবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হয়। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রতনপুর গ্রামের আজিরের বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিখোঁজের সংবাদ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শুকুরের মরদেহ উদ্ধার করে। বর্তমানে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ ও খুনের ক্লু উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা ও তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন