নিউইয়র্কে লেগো দিয়ে তৈরি ২৭ ফুট উচ্চতার বিশ্বকাপ ট্রফি

প্রকাশ:

বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বিখ্যাত রকেফেলার সেন্টার প্লাজায়। সাধারণত বড়দিনের ক্রিসমাস ট্রির জন্য পরিচিত এই স্থানে এবার জায়গা করে নিয়েছে লেগো দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকাপ ট্রফির একটি প্রতিকৃতি। ফিফা ও লেগোর যৌথ উদ্যোগে তৈরি এই বিশাল শিল্পকর্মটি ফিফা ফ্যান ভিলেজের অংশ হিসেবে প্রদর্শন করা হচ্ছে।

ট্রফিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১.৩৬ মিলিয়নেরও বেশি লেগো ব্রিক। চেক প্রজাতন্ত্রের একটি লেগো কারখানায় ৫৯ জন বিশেষজ্ঞের নিরলস প্রচেষ্টায় এটি তৈরি করতে সময় লেগেছে মোট ৭ হাজার ৪০ ঘণ্টা। ২৭ ফুট উচ্চতা এবং প্রায় ৪.২ টন ওজনের এই অনন্য স্থাপনাটি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটক ও ফুটবলপ্রেমীরা।

গত ৬ জুলাই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার কাফু আনুষ্ঠানিকভাবে এই ট্রফিটির উন্মোচন করেন। ফুটবল ও সৃজনশীল শিল্পের এই অসাধারণ সমন্বয়টি ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত রকেফেলার প্লাজায় দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে। নিউইয়র্কের এই আকর্ষণীয় প্রদর্শনীটি ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শেয়ার করুন