হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত দুটি তেলের ট্যাঙ্কার

প্রকাশ:

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই বিস্ফোরণে জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে নিজেদের জলসীমায় আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত আইআরজিসির বিবৃতি অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশের মাইনক্ষেত্র দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে নৌ-বোমার আঘাতে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে এই এলিট বাহিনীটি জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা নাবিকদের হতাহতের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি।

আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, মাইনক্ষেত্রে প্রবেশের আগে ট্যাঙ্কার দুটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে। তারা নাবিকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা আমেরিকার ছড়ানো বিভ্রান্তি এড়িয়ে নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় সতর্ক থাকে।

এই ঘটনার পর হরমুজ প্রণালিকে অত্যন্ত অনিরাপদ আখ্যা দিয়েছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তেল, গ্যাস বা রাসায়নিক সারবাহী কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। উল্লেখ্য, টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন বাহিনীর বিমান হামলা ও বোমাবর্ষণের পরপরই এই মাইন বিস্ফোরণের ঘটনাটি সামনে এল।

শেয়ার করুন