সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

প্রকাশ:

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর আগের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে এসেছে সরকার। বিভিন্ন মহলের আপত্তির মুখে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ২৫ হাজার টাকায় নামিয়ে আনার পরিকল্পনাটি আর বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগের নিয়মে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন।

গত বৃহস্পতিবার, ১৬ জুলাই অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৯ জুলাই পাঠানো দুটি পত্রের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য তারা অনুরোধ করছে। এর আগে ৯ জুলাইয়ের ঐ চিঠিগুলোতে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনা কর্মকর্তাদের মাসিক ভাতা ৫০ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নির্ধারণের উদ্যোগ নিতে বলা হয়েছিল।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন বলে জেনেছেন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে লিখিত নির্দেশনা এখনো হাতে না এলেও আগের সিদ্ধান্তটি বাতিল হয়ে যাওয়ার কথা এবং বিদ্যমান ভাতার হার বহাল থাকছে।

শেয়ার করুন