নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশ:

নেত্রকোনা পৌরসভাধীন রাজুরবাজার এলাকায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল লাইনের পাশের একটি ডোবা থেকে মো. মুহিদ খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। নিহত মুহিদ খান মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, রাজুরবাজার এলাকায় রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। রেললাইন ও কালভার্টের মধ্যবর্তী ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে মোহনগঞ্জ যাওয়ার পথে কোনো এক সময় ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি কাটা পড়েছেন।

নিহতের মামা লিলু মোড়ল জানান, সাপ্তাহিক ছুটিতে বাড়িতে আসার কথা ছিল মুহিদের। ট্রেন আসার পর থেকে পরিবারের সদস্যরা তাকে ফোনে পাচ্ছিলেন না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

শেয়ার করুন