স্পেনের কাছে হারের পর ফ্রান্সের ড্রেসিংরুমে দেম্বেলের আচরণ নিয়ে বিতর্ক

প্রকাশ:

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে মাঠের ফলের পাশাপাশি বিরতির সময় ড্রেসিংরুমে ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। ফরাসি দৈনিক লে’কিপ জানিয়েছে, প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফিরে দলের আক্রমণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে উসমান দেম্বেলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।

দেম্বেলের মতে, ওই সময় দলের প্রেসিং ছিল পরিকল্পনাহীন এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তিনি সতীর্থদের সতর্ক করে বলেছিলেন, এভাবে খেলতে থাকলে ম্যাচে ফেরা সম্ভব নয় এবং সবাইকে আরও সংগঠিতভাবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানান। তবে লে’কিপ-এর দাবি, তার এই কড়া বক্তব্য দলের সবাই ইতিবাচকভাবে নেননি। বরং কয়েকজন ফুটবলার এতে বিরক্ত হয়েছেন। তাদের ধারণা, নিজের পারফরম্যান্স ভালো না হলেই দেম্বেলে নিয়মিত এমন সমালোচনা করেন।

ড্রেসিংরুমের এই পরিস্থিতির কোনো ইতিবাচক প্রভাব দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যায়নি। ৫৮ মিনিটে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ হলে ফ্রান্সের পরাজয় ও বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। সেমিফাইনালে ওঠার আগে টানা ছয়টি ম্যাচ জিতলেও শেষ চারে এসে এমবাপ্পেদের দুর্দান্ত যাত্রার ইতি ঘটে।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। তিনি বলেন, খেলোয়াড়রা এই হারে ভীষণ হতাশ। স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এমন কিছু করেছে, যা আমরা করতে পারিনি। এখন ফ্রান্স আগামী শনিবার মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে। অন্যদিকে, রোববার শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

শেয়ার করুন