রাজধানীর ডেমরায় অবস্থিত পুলিশ লাইনসের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) একটি ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
ঘটনার বিবরণ দিয়ে ডেমরা অঞ্চলের পুলিশের একজন কর্মকর্তা জানান, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে অন্তত পাঁচজন পুলিশ সদস্য অবস্থান করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অন্য সদস্যরা ডিউটিতে থাকলেও সাইদুল ওই কক্ষের ভেতরে একা ছিলেন। এ সময় কক্ষটি ভেতর থেকে ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান অপর এক পুলিশ সদস্য। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডেমরা থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় সাইদুলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুরে। মাত্র ৯ মাস আগে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য সাইদুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, ঘটনার আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে।





