যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত কবির মৃধার বরিশালে দাফন সম্পন্ন

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ৩ জুলাই শুক্রবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে তার নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা-পূর্ব স্মৃতিচারণ সভায় বক্তারা কবির হাসান মৃধার জনহিতকর কাজের কথা স্মরণ করেন। তারা উল্লেখ করেন, প্রবাসে থাকলেও তার প্রাণ পড়ে থাকত দেশের মানুষের কাছে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের সহায়তায় নীরবে অবদান রাখা এই দানবীর ও শিক্ষানুরাগীর অকাল মৃত্যু উজিরপুর তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। প্রবাসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দেশে আনা হয়। কবির হাসান মৃধা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং সরকারি বিএম কলেজের ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উজিরপুর থানা বিএনপির দুইবারের সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। জানাজা শেষে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন