মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু

প্রকাশ:

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। বুধবার ১৫ জুলাই জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর অতীতে যারা শহীদদের তালিকা তৈরির দায়িত্ব পেয়েছিলেন, তারা তা সঠিকভাবে পালন করতে পারেননি। বরং সেই তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ অনস্বীকার্য। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিক একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছিল, যা এখন বাস্তবায়নের পথে।

সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বে-টার্মিনাল বাস্তবায়নের মাধ্যমে বন্দরটির সক্ষমতা বাড়ানোর কাজ এগিয়ে চলছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনবে। এছাড়া বন্দরের কোনো কাজে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

এ সময় প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন যে, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট পুনরায় চালু করা হবে। এই টুর্নামেন্টে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।

শেয়ার করুন