দেশের সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি

প্রকাশ:

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের ঘটনায় দেশের সাতটি জেলায় এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত হালনাগাদ করা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত আহত হয়েছেন ৩৯ জন।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর তালিকায় রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ৫৯টি বলা হলেও জেলাভিত্তিক তালিকায় মোট ৫৭টি উপজেলার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৩৩৪ এবং পৌরসভার সংখ্যা ১২।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য মোট ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ১০ হাজার ৮৫৪ জন আশ্রয় নিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা নাগরিক। কক্সবাজারে আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৫ জনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছেন। বান্দরবানে ছয় জন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। এছাড়া রাঙামাটিতে তিন জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে একজনের মৃত্যুর পাশাপাশি আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন