সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের সময় ১৩ নেতাকর্মী আটক

প্রকাশ:

মঙ্গলবার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় মিছিল করার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫ থেকে ৪০ জনের একটি দল ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মিছিল বের করলে নিয়মিত টহলরত পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে কয়েকজন নেতাকর্মী পাশের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আটককৃতদের মধ্যে নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বাকি চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের গাড়িচালক। আটককৃতদের বেশিরভাগই সাভার পৌর এলাকার বাসিন্দা।

আটককৃত ১৩ জনের নাম হলো সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুণ্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন