৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক

প্রকাশ:

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ড্রাখেনবুর্গ প্রাসাদে শনিবার বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং অঙ্গরাজ্যটির মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্ট। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিল্প ও গবেষণা খাতে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সফরের শুরুতে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য হেনড্রিক ভুস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের আমির। কাতার ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতার প্রশংসা করেন তিনি।

শিল্প ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর জোর দেন কাতারের আমির। এই সফরটি দুই পক্ষের পারস্পরিক আস্থার গভীরতা এবং শক্তিশালী সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেন মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্ট। তিনি কাতারের আমিরের দূরদর্শী নেতৃত্বে দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। এছাড়া জার্মানি এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার অর্থনীতিতে কাতারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে নতুন নতুন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়। কাতারি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লেখউইয়া)-এর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি।

জার্মান পক্ষে আলোচনায় অংশ নেন ডেপুটি মিনিস্টার-প্রেসিডেন্ট এবং অর্থনৈতিক ও জ্বালানিমন্ত্রী মোনা নয়বাউর এবং ফেডারেল ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। বৈঠক শেষে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন হেনড্রিক ভুস্ট। এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান অর্থনৈতিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন