চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশসহ সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রবাহী ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে কাতার চ্যারিটি। তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে শরণার্থী, বাস্তুচ্যুত মানুষ এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংস্থাটি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছে।
প্রতিটি ত্রাণ বহরের পেছনে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ব্যয় ধরা হয়েছে। আশা করা হচ্ছে, এই সহায়তার মাধ্যমে অন্তত ১ হাজার ৫০০ মানুষ উপকৃত হবেন। ত্রাণ বহরগুলোতে খাবারের পাশাপাশি কম্বল, বিশেষ শীতকালীন কিট এবং জ্বালানি ভাউচার অন্তর্ভুক্ত থাকবে, যা হিমশীতল আবহাওয়ায় পরিবারগুলোর টিকে থাকতে সাহায্য করবে।
ত্রাণ সহায়তার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া এবং জিবুতি। দীর্ঘমেয়াদি সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ এবং মৌসুমি শীতের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জনপদগুলোকে সহায়তা প্রদানের জন্য বাছাই করা হয়েছে। দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মৌসুমি দুর্ভোগের শিকার শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস থাকায় এই দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে।
কাতারে অবস্থানরত প্রবাসী ও দাতারা কাতার চ্যারিটির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে অনুদান দিতে পারবেন। এছাড়া অ্যাপের মাধ্যমে কালেক্টর বা অনুদান সংগ্রহকারীর সাক্ষাতের অনুরোধ জানানো যাবে। পাশাপাশি ৪৪২৯ ০০০০ নম্বরে কল করা, কাতার চ্যারিটির বিভিন্ন শাখা অথবা শপিং মলের সংগ্রহ কেন্দ্রে গিয়েও দান করা সম্ভব। দাতা চাইলে একটি পুরো বহরের খরচ বহন করতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকেও আংশিক অনুদান দিতে পারবেন। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা চাইলে খুব সহজেই এই উদ্যোগে অংশ নিতে পারবেন।
শীতকালীন মানবিক সহায়তায় কাতার চ্যারিটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালে সংস্থাটি তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে ২০০টি ট্রাকের মাধ্যমে সিরীয় শরণার্থী ও বাস্তুচ্যুতদের সহায়তা দিয়েছিল, যা ১ লাখ ২০ হাজার মানুষের জরুরি চাহিদা পূরণ করেছিল। এছাড়া ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের আওতায় লেবাননের বিভিন্ন এলাকায় ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট এবং তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের অধীনে লেবাননের বেকা, আক্কার ও আরসাল অঞ্চলে ‘কাতার রিলিফ কনভয়’ পাঠানো হয়। সেখানে সিরীয় শরণার্থী ও অসহায় লেবানিজ পরিবারগুলোর মাঝে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল।
স্থল ও আকাশপথের পাশাপাশি বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমেও সংস্থাটি সংকটাপন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট ও হামাদ মেডিকেল করপোরেশনের সহায়তায় সুদানে জরুরি ওষুধ ও সরঞ্জামবাহী ৫০টি ট্রাক পাঠানো হয়। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের মাধ্যমে গাজা উপত্যকায় চলমান বৃহত্তর ত্রাণ কার্যক্রমেও কাতার চ্যারিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।





