দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) প্রক্রিয়ার মাধ্যমে প্রথমবারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের এই কার্যক্রম সম্পন্ন হয়।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানিয়েছেন, জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, এই প্রাথমিক সংযোগের আওতায় প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ধারাবাহিকতায় কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের ট্রায়াল অপারেশনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নেওয়া হবে। এরপর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী ২১ নভেম্বর নাগাদ নিয়মিতভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে স্থায়ী ও পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে প্রথম ইউনিটটি তার পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছাতে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে। এটি বাণিজ্যিক উৎপাদনের প্রথাগত যাত্রা নয়, বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুযায়ী ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির একটি পরিকল্পিত সূচনা।





