সংযুক্ত আরব আমিরাতের উপ-শাসক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান গত সোমবার দোহার আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। এই সফরে শেখ তাহনুনের নেতৃত্বে আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
বৈঠকের শুরুতে শেখ তাহনুন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পক্ষ থেকে কাতারের আমিরের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং দেশটির জনগণের সমৃদ্ধি কামনা করেন। এর জবাবে কাতারের আমির আমিরাতের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও আমিরাতি জনগণের অব্যাহত উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে পাল্টা শুভেচ্ছা জানান।
দুই দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক পর্যালোচনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার নানা দিক নিয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও উভয় পক্ষের নেতারা মতবিনিময় করেছেন।
কাতারের পক্ষে বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফিসহ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে আমিরাতি প্রতিনিধিদলে ছিলেন প্রেসিডেন্ট আদালতের উন্নয়ন ও শহীদ বিষয়ক ডেপুটি চেয়ারম্যান শেখ থিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং বিনিয়োগমন্ত্রী মোহাম্মদ হাসান আল-সুওয়াইদিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।





