কাতারে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সেখানে খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি এবং সংগঠনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী ও সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
তরুণ ক্রিকেটারদের নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য এই টুর্নামেন্টকে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, খেলোয়াড়দের জন্য এটি দারুণ একটি প্ল্যাটফর্ম। যারা ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রাখে, তাদেরই এই টুর্নামেন্টের জন্য নির্বাচন করা হয়েছে। আশরাফুলের মতে, এবারের আসরে দলের মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিমানবন্দরে দলের পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ফেনীর কৃতী সন্তান সাইফউদ্দিন প্রবাসী বাংলাদেশিদের মাঠে এসে খেলা উপভোগ করার এবং দলকে সমর্থন যোগানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ।
এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হওয়ার পর ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লড়াই করবে তারা। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। গত বছর শিরোপার খুব কাছে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। এবারের দ্বিতীয় আসরে সেই অপূর্ণতা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা।





