২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু ও পানি খাতে ১৫৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে ফ্রান্স

প্রকাশ:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশকে ১৪ কোটি ইউরো বা প্রায় ১৫ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের নতুন অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ফ্রান্সের সরকারি উন্নয়ন সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য দেভেলপমঁ (এএফডি)। আগামী দুই বছরের মধ্যে এই অর্থায়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এর আওতায় ২০২৭ সালে জলবায়ু নীতিগত সহায়তা বাবদ ১০ কোটি ইউরো ঋণ হিসেবে এবং ২০২৮ সালে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন প্রকল্পের জন্য ৪ কোটি ইউরো সহায়তা দেওয়ার রূপরেখা তৈরি করা হয়েছে। ২০১৮ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মেয়াদের এ প্রকল্পের লক্ষ্য রাজধানীর পানীয় জলের সরবরাহ আরও নিরাপদ ও টেকসই করা। বিশেষ করে ঢাকায় নিরাপদ পানির চাহিদা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পানিদূষণ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

প্যারিসে গত ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত এএফডির সপ্তম বার্ষিক পরামর্শ সভায় এই ভবিষ্যৎ অর্থায়নের পরিকল্পনা প্রকাশ করা হয়। সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এই সভায় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এএফডির পক্ষ থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগের প্রধান সিরিল বেলিয়ের যৌথভাবে সভাপতিত্ব করেন। এ সময় এএফডির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলাসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত এই অর্থায়ন পরিকল্পনাটি বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত সরকারের পঞ্চম পঞ্চবার্ষিক উন্নয়ন ও সংস্কার কাঠামোর লক্ষ্যমাত্রা অর্জনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সভায় বাংলাদেশের পক্ষ থেকে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, পুঁজিবাজারের উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, নদী পুনরুদ্ধার এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের মতো অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরা হয়। এএফডি বাংলাদেশের এই প্রস্তাবগুলোকে তাদের উন্নয়ন কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে। পাশাপাশি ‘ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপটঅ্যাকশন’ কর্মসূচির অধীনে জলবায়ু সহনশীলতা বাড়াতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে সংস্থাটি।

তবে ২০২৮ সালের ৪ কোটি ইউরোর প্রকল্পটির ক্ষেত্রে এখনো বিস্তারিত রূপরেখা চূড়ান্ত হয়নি। ওই অর্থ ঋণ নাকি অনুদান হিসেবে আসবে, কোন নির্দিষ্ট প্রকল্পের জন্য তা বরাদ্দ হবে এবং কবে নাগাদ ছাড় হবে—এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে, ২০২৭ সালের ১০ কোটি ইউরো জলবায়ু নীতিগত ঋণের জন্য বরাদ্দ থাকলেও এর সাথে কোনো বাড়তি শর্ত যুক্ত থাকবে কি না, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ২০২৯-৩০ মেয়াদে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতে অর্থায়নের বিষয়টি নিয়েও দুই পক্ষ আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। দুই পক্ষ ভবিষ্যতে এসব খাতে সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানে সম্মত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ সরকার ও এএফডির মধ্যে এক্সপার্টিজ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড (এফইআরসি) চুক্তির একটি সংশোধনী স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এএফডির ১২টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সংস্থাটির মোট প্রতিশ্রুত অর্থায়নের পরিমাণ ১৭৫ কোটি ৪৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৪৮ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ইউরো)। যার মধ্যে ১৭৩ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার ঋণ এবং ১ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার অনুদান হিসেবে অন্তর্ভুক্ত। নতুন ঘোষিত ১৪ কোটি ইউরোর এই অর্থায়ন পরিকল্পনা চলমান প্রকল্পগুলোর বাইরে আলাদা একটি উদ্যোগ হিসেবে গণ্য হবে। এখন এই পরিকল্পনার কার্যকর প্রয়োগ এবং সময়োপযোগী অর্থ ছাড়ের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু ও পানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অপেক্ষা রয়েছে। এএফডির প্রকাশিত প্রকল্পতথ্য অনুযায়ী, ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে সায়েদাবাদ-৩ প্রকল্পে ১১ কোটি ৫০ লাখ ইউরো অর্থায়ন করছে সংস্থাটি। তবে এর বাস্তব সুফল নির্ভর করবে ঋণের শর্ত, প্রকল্প চূড়ান্তকরণ, অর্থ ছাড়ের সময়সূচি এবং অর্থের যথাযথ ব্যবহারের ওপর।

শেয়ার করুন