ভবিষ্যতে কোনো সংঘাত দেখা দিলে পাল্টা জবাব দেওয়ার জন্য সামরিক লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে সাজিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকির বিপরীতে ইরান এবার তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত। এই প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা রাখা হবে না।
ইরানের বার্তা সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেওয়া নির্দেশনার আলোকে এই তালিকাটি হালনাগাদ করা হয়েছে। জেনারেল হায়দারি জানান, নতুন এই লক্ষ্যবস্তুর তালিকাটি ইতিমধ্যে দেশটির সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারদের কাছে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে।
ভবিষ্যৎ সংঘাতের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জেনারেল হায়দারি বলেন, ইরানকে লক্ষ্য করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব শত্রুপক্ষের জন্য হবে পুরোপুরি বিপর্যয়কর। দেশের অখণ্ডতা রক্ষায় সামরিক বাহিনী যেকোনো পরিস্থিতিতে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।





