২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন যুক্তরাষ্ট্রের

প্রকাশ:

ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর চলমান নৌ অবরোধকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার সব পথ নিয়ন্ত্রণে এই বিশেষ বাহিনী এখন পুরোপুরি সক্রিয়। তার দাবি, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি এই নতুন অভিযানের ফলে ইরানে পণ্য আনা-নেওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়বে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আট মাস ধরে চলমান যুদ্ধের মধ্যে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, এই নতুন বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, সামরিক সরঞ্জামের মজুত বাড়ানো এবং অস্ত্র কারখানা পুনর্গঠনের সক্ষমতা সীমিত করতে কাজ করবে। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক উভয় সদস্যই রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত প্রযুক্তি ও নিষিদ্ধ পণ্যের প্রবাহ রুখবে।

মার্কিন এই পদক্ষেপকে ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন নামে ও কৌশলে অর্থনৈতিক অবরোধ আরোপের যে চেষ্টা করছে, তা সফল হওয়ার সুযোগ নেই। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য ওয়াশিংটন কখনোই অর্জন করতে পারবে না। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক পথ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। এদিকে সেন্টকমের দেওয়া তথ্যানুযায়ী, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের প্রভাবে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি বর্তমানে আটকে আছে।

শেয়ার করুন