বিশ্বমঞ্চে স্পেনের লামিন ইয়ামালের সেরাটা দেখার অপেক্ষায় কোচ

প্রকাশ:

বিশ্বকাপের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। বাংলাদেশ সময় ১৫ জুলাই রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগের মোকাবিলা করবে টুর্নামেন্টের সবচেয়ে কম গোল হজম করা স্পেনের রক্ষণভাগ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ১৬ গোল করেছে, বিপরীতে স্পেন সেরা চারে উঠে এসেছে ১১ গোল করে এবং হজম করেছে মাত্র একটি গোল। লুইস দে লা ফুয়েন্তের দল ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই ক্লিনশিট রেখেছে।

ম্যাচটি সামনে রেখে ফ্রান্স শিবিরে নেই কোনো ভীতি। ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে জানিয়েছেন, তারা কাউকে ভয় পান না এবং সেরা প্রস্তুতির মাধ্যমেই জয় তুলে নিতে চান। আরেক ডিফেন্ডার মাক্সোস লাকোয়াও স্পেনের মান নিয়ে সতর্ক থাকলেও ভয় পাওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, লামিন ইয়ামালের মতো প্রতিভাবান খেলোয়াড়কে আটকানোর জন্য তারা সব ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন।

স্পেনের বিস্ময়বালক ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল এবারের বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে মাত্র একটি গোল। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, বিশ্বমঞ্চে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনো দেখা বাকি। তিনি বলেন, ইয়ামাল দারুণ অনুপ্রেরণা ও ক্ষুধা নিয়ে খেলেন। তার পরিপক্বতা অর্জনের এই প্রক্রিয়ায় কোচিং স্টাফরা তাকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

ইয়ামাল শুরুর দিকে চোটের কারণে বেশিক্ষণ খেলার সুযোগ পাননি, তবে সবশেষ দুই ম্যাচে পুরো সময় মাঠে থেকে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। স্পেনের হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক সময়ের ২০২৪ সালের ইউরো ও নেশন্স লিগের সেমিফাইনালের স্মৃতি সুখকর নয় দিদিয়ে দেশোঁর দলের জন্য। তবে এবার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।

শেয়ার করুন