গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় অষ্টম, নবম ও দশম শ্রেণির নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর টিফিনের পর বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়, যা পরে মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন প্রস্তুত করেন। গত বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। কমিটির প্রধান মো. ইকবাল হোসেন জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই এই সুপারিশ করা হয়েছে।
প্রধান শিক্ষক মো. জিয়া জানান, ঘটনার সময় তিনি নামাজের জন্য শ্রেণিকক্ষের বাইরে ছিলেন। পরে গোয়েন্দা সংস্থা ও অন্য শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, ক্যাম্পাসে নিরাপত্তাজনিত কোনো সংকট নেই। কেন পুলিশ সেখানে অবস্থান করছে, সে বিষয়ে তার কোনো সুনির্দিষ্ট তথ্য জানা নেই বলেও তিনি উল্লেখ করেন।





