সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার ও বুধবার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহল দল নিজ নিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি থেকে ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে। একই সময়ে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মোড় এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ওষুধ আটক করে। এ ছাড়া গাজীপুর বিওপির দল সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকার ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করে। এ ছাড়া গাজীপুর বিওপির দল সীমান্ত পিলার ৪-এর ৬ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করে।
শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার সময় বিজিবি সদস্যরা তা নজরে আনেন। সীমান্ত রক্ষীবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানের মাধ্যমে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি দেশীয় শিল্পও ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। এদিকে, বিজিবির এ ধরনের কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তে চোরাচালান রোধে এই তৎপরতা অব্যাহত রাখার জন্য তারা বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন।





