১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আরব আমিরাত: আনোয়ার গারগাশ

প্রকাশ:

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করছে সংযুক্ত আরব আমিরাত। তবে পরিস্থিতির অবনতি ঘটলে যেকোনো ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। বাহরাইনে আয়োজিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এ অংশ নিয়ে তিনি এই দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।

আনোয়ার গারগাশ উল্লেখ করেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে অগ্রগতির সুযোগ রয়েছে এবং তারা সে বিষয়ে আশাবাদী। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলের জন্য কোনো সুফল বয়ে আনবে না। অতীতের ন্যায় এবারও যেকোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের প্রস্তুতি বজায় রেখেছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের আশঙ্কার মধ্যেই উভয় পক্ষ কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে ইরানি কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া শনিবার আবুধাবিতেও এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন যেকোনো হুমকি বা আক্রমণের তাৎক্ষণিক কঠোর জবাব দেওয়া হয়। এক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার বিষয়টিও উপেক্ষা করার জন্য বলা হয়েছে। এমন পরিস্থিতির মাঝেও মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন