কাতারের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবাহী জাহাজ ‘আল মায়েদা’ উপসাগরীয় অঞ্চলে হামলার শিকার হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর অবস্থান তুলে ধরেছে।
বিবৃতিতে সৌদি আরব স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যেকোনো হুমকি তারা প্রত্যাখ্যান করে। এ ধরণের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদ।
কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির পরিচালনাধীন এই জাহাজটিতে হামলার পর ওই অঞ্চলের নৌপথের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই সংকটময় মুহূর্তে কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশে থাকার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় কাতার যেকোনো উদ্যোগ নিলে রিয়াদ তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।





