মোজতবা খামেনি ৯০ শতাংশ মৃত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রকাশ:

ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি ৯০ শতাংশ মৃত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী অবশিষ্ট নেই এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন যে, ইরানের সব নেতা এবং তাদের সেরা সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। যদিও ট্রাম্প তার এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ বা মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন। সেই হামলায় মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান এবং এরপর তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত সপ্তাহে ইরানে সাতদিন ব্যাপী আলি খামেনির জানাজা ও শোকানুষ্ঠান পালিত হয় এবং বৃহস্পতিবার তাকে দাফন করা হয়। পিতার জানাজা বা দাফন—কোনোটিতেই মোজতবার উপস্থিতি না থাকায় তাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই- সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের নেতাদের সবাইকে হত্যা করা হয়েছে, তাদের সেরা নেতারাও নিহত হয়েছে।

শেয়ার করুন