ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

প্রকাশ:

ইউরোপীয় রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, গত জুনের শেষ সপ্তাহে ইউরোপজুড়ে আঘাত হানা ভয়াবহ তাপপ্রবাহে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২২ থেকে ২৮ জুনের মধ্যে মোট ১০ হাজার ৬৫০ জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৯ হাজারেরও বেশি ব্যক্তির বয়স ছিল ৬৫ বছর বা তার বেশি। বিশেষজ্ঞদের মতে, বছরের এই সময়ে এত বিপুল সংখ্যক অতিরিক্ত মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক এবং এর প্রধান কারণ ছিল তীব্র তাপপ্রবাহ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্যমতে, তীব্র গরমে পানিশূন্যতা, তাপঘাত এবং হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের জটিলতা বেড়ে যাওয়ায় মৃত্যুর হার বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু, প্রবীণ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল। ফ্রান্স ও বেলজিয়ামে মৃত্যুহার ছিল সবচেয়ে বেশি। বেলজিয়ামে গত ২৫ বছরের মধ্যে কোনো তাপপ্রবাহে এটিই সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা। তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বেশ কিছু দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব ক্রমাগত বাড়ছে। জলবায়ু পরিবর্তন না ঘটলে এমন ভয়াবহ তাপপ্রবাহের সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল বলে তারা মনে করছেন। পৃথক এক গবেষণায় দেখা গেছে, মে ও জুন মাসের তাপপ্রবাহে কেবল ইংল্যান্ড ও ওয়েলসেই প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে, যার উল্লেখযোগ্য অংশের জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে এমন প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে।

শেয়ার করুন