শিল্পকলা একাডেমিতে একক সংগীত সন্ধ্যায় গাইবেন রুনা লায়লা

প্রকাশ:

আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীত পরিবেশন করবেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। শিল্পী ও শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্রে মাসখানেকের বেশি সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পরপরই এই একক সংগীত অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই শিল্পী।

জানা গেছে, দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে গাওয়া জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান এই অনুষ্ঠানে পরিবেশন করবেন রুনা লায়লা। গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার রুনা লায়লার একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হচ্ছে।

নিজের এই অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি, তবে একক গানের অনুষ্ঠান হিসেবে এটিই প্রথম। শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য যে, এই আয়োজনের পরপরই মাসের শেষ দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি একাধিক সংগীত অনুষ্ঠানে অংশ নেবেন।

শেয়ার করুন