বিশ্বকাপ ফুটবলের শিরোপার লড়াই এখন শেষ পর্যায়ে, যেখানে সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার জন্য ফিফা এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটনকে দায়িত্ব দিয়েছে। এটি চলতি বিশ্বকাপে তার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেনের ম্যাচ এবং শেষ ষোলোতে কলম্বিয়া-সুইজারল্যান্ডের লড়াই পরিচালনা করেছেন তিনি।
এই ম্যাচ পরিচালনার মাধ্যমে ইভান বারটন পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করবেন। তিনি প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করতে চলেছেন। কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন ২০২২ সালের কাতার বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক করেন এবং নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন।
চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে বারটন আলোচনায় এসেছিলেন। সেবার ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখান বারটন। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।
ফ্রান্স ও স্পেনের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। এ ছাড়া সুইডেনের গ্লেন নিয়বার্গ চতুর্থ রেফারি এবং মাহবোদ বেগি রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।




