ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৯৫ জন

প্রকাশ:

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৪০০ জন। রদ্রিগেজ আরও উল্লেখ করেন, প্রকাশিত হতাহতের এই সংখ্যা কঠোর যাচাই-বাছাইয়ের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে। ভুলবশত মৃত তালিকায় থাকা পাঁচজনকে আঙুলের ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে জীবিত উদ্ধার করার পর তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা হয়। তিনি বলেন, যথাযথভাবে প্রমাণিত নয় এমন কোনো তথ্য সরকার প্রকাশ করতে চায় না।

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হলো। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই সংস্থাগুলো পুনর্গঠন কাজে অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন ও অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করার জন্য ইসরাইলের বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই ভূমিকম্পে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন, তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও চলতি সপ্তাহে ভেনেজুয়েলা সফর করে মানবিক সহযোগিতা এবং পুনর্গঠন সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন দেলসি রদ্রিগেজ।

শেয়ার করুন