কুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, পলাতক কিশোর

প্রকাশ:

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। অভিযুক্ত কিশোরের বয়স ১৬ বছর এবং সে চলতি বছর একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের একটি মক্তবে পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত কিশোরের ছোট বোনও পড়াশোনা করে। ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হওয়ার পরও শিশুটি এবং অভিযুক্তের বোন মক্তব সংলগ্ন মসজিদে অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তার ছোট বোনকে নিতে আসে। এরপর সে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মক্তবের পাশের একটি জরাজীর্ণ টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এক পথচারী চিৎকার শুনে সেখানে উপস্থিত হলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। ওই পথচারী শিশুটিকে উদ্ধার করে তার স্বজনদের কাছে পৌঁছে দেন।

শিশুটির নানা বাড়ি থেকে পড়াশোনা করত। স্থানীয় কয়েকজন মাতব্বর শুরুতে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে শিশুটির বাবা বিষয়টি জানতে পেরে বিকেলে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। রাতে মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। শিশুটির মা জানান, তার মেয়েকে মক্তব থেকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং তিনি এর বিচার চেয়ে থানায় মামলা করেছেন।

এদিকে অভিযুক্ত কিশোর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মা অসুস্থ হওয়ায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।

শেয়ার করুন