৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প: বারাক ওবামা

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে উত্তেজনা বাড়ছে। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধনীতির তীব্র সমালোচনা করেছেন। ওবামার মতে, ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন তা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কারণ এমন কোনো যুদ্ধের প্রয়োজনীয়তা কেউ কখনো অনুভব করেনি। ওবামা অভিযোগ করেন, ট্রাম্প একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে দেশটিকে সংকটের দিকে ঠেলে দিচ্ছেন।

ইরানকে ঘিরে এই উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথটি জ্বালানি তেল পরিবহনের প্রধান রুট হিসেবে পরিচিত।

ওবামার এসব মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওবামাকে একজন চরম অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেন। ট্রাম্পের অভিযোগ, ওবামা যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিলেন এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ করে দিয়েছিলেন।

ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তিটি ওবামার আমলে হয়েছিল, যার অধীনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল এবং বিনিময়ে দেশটির ওপর দেওয়া কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ট্রাম্প শুরু থেকেই এই চুক্তির ঘোর বিরোধী। এবারের পাল্টাপাল্টি এই বক্তব্য যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ইরান ইস্যু, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং পররাষ্ট্রনীতির ভুল-ত্রুটিগুলোকে আলোচনার মূল কেন্দ্রে নিয়ে এসেছে।

শেয়ার করুন