সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই তথ্যটিকে সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল সংক্রান্ত যে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, তার সাথে শিক্ষা বোর্ডগুলোর কোনো সম্পৃক্ততা নেই। কোনো চক্র ভুল তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, সরকারি বিজ্ঞপ্তি বা গুরুত্বপূর্ণ নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে। ফল প্রকাশের সঠিক তারিখ ও সময় জানতে শিক্ষার্থীদের কেবল নির্ভরযোগ্য বা অফিশিয়াল উৎসগুলো অনুসরণ করার পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।





