৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

প্রকাশ:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ও সংবাদ সংগ্রহের সুযোগ প্রদানের দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে আবারও চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। সংগঠনটির পক্ষ থেকে আগামী ২৫ অক্টোবর থেকে এজলাসে সাংবাদিকদের প্রবেশের অনুমতির অনুরোধ করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে এই চিঠিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসআরএফ সভাপতি মো. দিদারুল আলম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দেশের সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম, রায় ও গুরুত্বপূর্ণ আদেশসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে বস্তুনিষ্ঠ তথ্য জানাতে সাংবাদিকরা দীর্ঘকাল ধরে পেশাগত দায়িত্ব পালন করছেন। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রেখে ইতিবাচক সংবাদ পরিবেশনে ফোরামের সদস্যরা সবসময় দায়বদ্ধ এবং সচেতন।

চিঠিতে আক্ষেপ করে বলা হয়, বর্তমানে আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের সুযোগ না থাকায় গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি প্রত্যক্ষ করা সম্ভব হচ্ছে না। ফলে বিচারিক কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও নির্ভুল সংবাদ পরিবেশনে সাংবাদিকরা বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়ছেন। এর আগেও এ বিষয়ে প্রধান বিচারপতির সদয় দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি।

সাংবাদিকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তারা আদালতের কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান না। বরং আদালতের নিজস্ব শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখেই সংবাদ সংগ্রহ করতে তারা আগ্রহী। গণতান্ত্রিক দেশগুলোর বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সুযোগ থাকা অত্যন্ত জরুরি। এজলাসে প্রবেশের সুযোগ মিললে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে ফোরামের নেতারা মনে করেন।

চিঠি হস্তান্তরের সময় সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদার এবং সদস্য তুলনা আফরিন, নাজমুল হুদা, জুনাইদ আল হাবিব ও ইমদাদুল আজাদ।

শেয়ার করুন