৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশ:

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এখন থেকে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাবেক সরকারপ্রধান হিসেবে তার মর্যাদা বিবেচনায় এই অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল সুবিধা তার বর্তমান যুক্তরাষ্ট্র সফরের পুরো সময় জুড়ে বহাল থাকবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূস একদল ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ সতর্কতা জারি করেছে। তার মতো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে দেশের বাইরে হেনস্তার মতো ঘটনা যেন আর না হয় সে বিষয়ে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় জড়িত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। একই সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে নিউ ইয়র্ক সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি এবং সংশ্লিষ্ট পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। কনস্যুলেট কর্তৃপক্ষ এখন স্থানীয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। ড. ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন