৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে বাংলাদেশি উদ্যোক্তা মাইন উদ্দিন সোহেলের নতুন ওয়্যারহাউস উদ্বোধন

প্রকাশ:

কাতারে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এরই অংশ হিসেবে কাতারের শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে নতুন একটি ওয়্যারহাউস চালু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মাইন উদ্দিন সোহেল। তিনি মূলত এম ইউ সোহেল ট্রেডিং এবং মইন ফ্রেশ নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই ওয়্যারহাউসটি চালু করা হয়েছে, যা তাঁর ব্যবসার পরিসর বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে মাইন উদ্দিন সোহেল উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল ও আরিয়ান ভূঁইয়াসহ কোম্পানির বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। একই সঙ্গে মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

উল্লেখ্য যে, মাইন উদ্দিন সোহেল তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হয়েছেন। এই অর্জনের পর ‘অ্যাসোসিয়েশন অব ফেনী’র পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর ব্যবসায়িক দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রমের ফলে কাতার প্রবাসীদের কাছে তিনি আজ এক সফল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে তিনি মানসম্মত ফলমূল ও শাকসবজি আমদানি করছেন। এসব পণ্য কাতারের বিভিন্ন সুপার মার্কেট ও হাইপার মার্কেটে সরাসরি সরবরাহের মাধ্যমে তিনি স্থানীয় বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। অদম্য মনোবল ও সুদূরপ্রসারী পরিকল্পনার সমন্বয়ে তাঁর এই ব্যবসায়িক অগ্রযাত্রা ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থান ও সাফল্যের দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। নতুন এই ওয়্যার হাউস তাঁর ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন