২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের প্রাক্কালে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে রাখা এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী ভ্যানটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত কার্যক্রম সম্পর্কে জেনে নেন।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৮টি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নতুন করে ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। জনসচেতনতা তৈরির লক্ষ্যে এসব ভ্যানের বাইরের দিকে মনিটরে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন