ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমণ রোধে সরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বিশেষ করে যে এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ নজর দিতে হবে। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রশাসনিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে সরকারি আবাসিক এলাকা ও হাসপাতালের আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিশ্চিত করতে বলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে সফল ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সভায় অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।





