রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

প্রকাশ:

দেশের ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গত ৩১ মে পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা।

রোববার (১২ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সিআইবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রস্তুত করা হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চ হার কমিয়ে আনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকার এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে।

একই অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের সামগ্রিক ঋণ পরিস্থিতির তথ্য দেন। তিনি জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি টাকা।

ঋণ পরিশোধের বিষয়ে অর্থমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে সরকার মোট ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার মূলধন হিসেবে এবং ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার সুদ হিসেবে ব্যয় করা হয়েছে। এছাড়া গত পাঁচ বছরে আমদানিকৃত পণ্যের বিপরীতে বকেয়া শুল্ক-কর বাবদ ২৫ হাজার ৫০৪ কোটি টাকা পাওনা রয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

শেয়ার করুন