অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের চিত্র সশরীর দেখতে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই প্রগতিশীল আইনপ্রণেতা ও তাঁর প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এম-৪ রাইফেল উঁচিয়ে আটকে রাখেন উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।
ঘটনাটি ঘটে পশ্চিম তীরের খিরবেত জানুতা নামের একটি ফিলিস্তিনি গ্রামে। গ্রামটি মূলত বসতি স্থাপনকারীদের জাতিগত নিধনের শিকার। সেখানে উগ্র বসতি স্থাপনকারীরা একমাত্র স্কুলটি পুড়িয়ে দেওয়াসহ বাড়িঘর লুট, পানির ট্যাংক ও সোলার প্যানেল ধ্বংস এবং আবাদি জমিতে বর্জ্য পানি পাম্প করে পুরো গ্রাম বসবাসের অযোগ্য করে তুলেছে।
সংবাদ সংস্থা রয়টার্সকে রো খান্না বলেন, সশস্ত্র গুন্ডারা এম-৪ মেশিনগান নিয়ে এসে তাঁদের পথ অবরুদ্ধ করে রাখেন। তাঁর সফরসঙ্গী ও সহকারী ক্যামেরন ক্যাসকি জানান, তারা এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ ছিলেন এবং জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে স্থানীয় পুলিশ এসে হস্তক্ষেপ করলে তারা মুক্তি পান।
রো খান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ঘটনাস্থলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৌঁছানোর পর তারা ফিলিস্তিনি বা মার্কিনদের পাশে না দাঁড়িয়ে উল্টো সেটলারদের পক্ষ নেয়। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা তাদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ওই সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য গাড়ি আটকে রাখার বিষয়টি স্বীকার করলেও দাবি করেছে, তাদের বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ ঘটনার কোনো প্রতিবাদ জানিয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ইসরায়েল প্রতিবছর ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার মার্কিন সামরিক সহায়তা পায়, যার একটি বড় অংশ দিয়ে এম-৪ রাইফেলের মতো অস্ত্র কেনা হয়। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, গাজায় ইসরায়েলি গণহত্যা ও পশ্চিম তীরের বর্ণবাদী নীতির কারণে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের মধ্যে ইসরায়েলের গ্রহণযোগ্যতা ২০১৮ সালের ৫৯ শতাংশ থেকে কমে চলতি বছরের মে মাসে ২২ শতাংশে নেমে এসেছে।





