হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে তৃতীয় দফায় মার্কিন সামরিক হামলা

প্রকাশ:

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থানে তৃতীয় দফায় সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় রোববার ভোর পর্যন্ত এই হামলা অব্যাহত ছিল। সেন্টকম জানায়, সাইপ্রাসের জাহাজটি প্রণালি অতিক্রমের সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহিনী হামলা চালায়, যার ফলে জাহাজটির এক নাবিক নিখোঁজ রয়েছেন।

মার্কিন সেন্টকমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক জাহাজে আগের হামলার পর স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলার জন্য ইরানকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেহরান সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই হামলা শুরু হয়, যার মূল উদ্দেশ্য ইরানের ওপর ‘ভারী মূল্য চাপিয়ে দেওয়া’। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।’

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আইআরআইবি জানিয়েছে, রোববার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হরমুজ প্রণালির উপকূলবর্তী অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহর প্রদেশের উপকণ্ঠে, যেখানে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত, সেখানেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া মেহর নিউজ এজেন্সি পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশমে এবং আইআরআইবি বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের খবর দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরের কেরমান শহর এবং পাকিস্তান সীমান্তসংলগ্ন উপকূলীয় শহর চাবাহারেও বিস্ফোরণ হয়েছে।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করছিল, যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ এই হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুন