টানা তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পেরে চরম সংকটের মুখে পড়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের জাতীয় দল পুনর্গঠনে বড় ধরনের রদবদল এনেছে। নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইতালির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে। সেই সঙ্গে তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক তারকা ও এসি মিলানের মালদিনির সাবেক সতীর্থ লিওনার্দো আরাউহো।
ফেডারেশনের সদ্য নির্বাচিত সভাপতি জিওভান্নি মালাগো শনিবার এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, সংকটাপন্ন আজ্জুরিদের জন্য নতুন কোচ খোঁজার আগেই এই অভিজ্ঞ জুটিকে দায়িত্ব দেয়া তাদের প্রথম এজেন্ডা ছিল। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই দুজনকে তিনি ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, সাবেক কোচ জেন্নারো গাত্তুসো ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করায় বর্তমানে ইতালির কোচের পদটি শূন্য রয়েছে। এই শূন্যস্থান পূরণের জন্য ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় সবার উপরে আছেন রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তে। মানচিনির অধীনে ইতালি ইউরো ২০২০ জিতলেও ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি এবং পরবর্তীতে তিনি সৌদি আরব ও কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছাড়েন। অন্যদিকে, ২০১৬ ইউরোতে ইতালিকে কোচিং করানো কন্তে সম্প্রতি নাপোলির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
খেলোয়াড় হিসেবে ইতালির হয়ে ১২৭ ম্যাচ খেলা মালদিনি এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ক্লাবটিকে ২০২১-২২ মৌসুমে সিরি-এ জেতানোর কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে, এসি মিলান, ইন্টার মিলানের সাবেক কোচ ও পিএসজির সাবেক ডিরেক্টর হিসেবে লিওনার্দোর প্রশাসনিক অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। এই দুই মহাতারকার হাত ধরে ইতালির ফুটবল আবার বিশ্বমঞ্চের শীর্ষ স্তরে ফিরবে বলে এফআইজিসি আশাবাদী।





