২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: লড়াইয়ে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা

প্রকাশ:

বিশ্বকাপ ফুটবলের শেষ আটের লড়াই শেষে এখন চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। শিরোপার লড়াইয়ে টিকে থাকা চারটি দেশ হলো ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এবারের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। ইতিহাসের পাতায় এই প্রথমবার ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই বিশ্বকাপের সেমিফাইনালে একসঙ্গে জায়গা করে নিল।

প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। ডালাস স্টেডিয়ামে এই ম্যাচে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেনের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। এর ঠিক একদিন পর ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

পরিসংখ্যান বলছে, গত বিশ্বকাপেও সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে, ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে ফিরেছে ইংল্যান্ড। এছাড়া ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে স্পেন।

শেয়ার করুন