জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের এই বাহিনী জানিয়েছে, তাদের চালানো হামলায় মার্কিন বিমান ঘাঁটির কমান্ড সেন্টার, বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং এমকিউ-৯ রিপার ড্রোন রাখার হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আইআরজিসির ভাষ্যমতে, দক্ষিণ ইরানে অবস্থিত তাদের উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ হিসেবেই রোববার এই পাল্টা আঘাত করা হয়েছে। হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে অনুমোদনহীন পথে জাহাজ পাঠানোর চেষ্টা রুখে দিয়েছিল ইরানি বাহিনী। এরপরই মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় ঘাঁটি ও টেলিকম টাওয়ারে বিমান হামলা চালায়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী মার্কিন প্রশাসন ওমান সালতানাতের ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দিয়ে গত রাতে যে পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। মার্কিন হামলার কঠোর জবাব হিসেবেই তাদের বিমান বাহিনী এই সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে বলে সংস্থাটি দাবি করেছে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





