২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৪৮৪ রোগী

প্রকাশ:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন করে পাঁচজনের মৃত্যুর পর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন খুলনা বিভাগে, যেখানে ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ২২৭ জন এবং বরিশাল বিভাগে ২১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই সংখ্যা ২০৭ জন।

অন্যান্য অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯০ জন এবং রাজশাহী বিভাগে ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন