কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার চা বাগান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জেলা যুবলীগের ক্যাডার মোনাফ সিকদার ওরফে ‘গুজা মোনাফ’ এবং তার সহযোগী রানাকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক ফৌজদারি মামলা রয়েছে। তবে ঠিক কোন নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার ব্যবহার করে যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলের পরপরই পুলিশ তাকে আটকের জন্য মাঠে নামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান, বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৬





