বিশ্বকাপ থেকে ফেরার দুই সপ্তাহের মধ্যে প্রয়াত দক্ষিণ আফ্রিকান ফুটবলার জেডেন

প্রকাশ:

মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ফুটবলার জেডেন অ্যাডামস। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

মাত্র দুই সপ্তাহ আগেই জেডেন অ্যাডামস দেশের হয়ে বিশ্বকাপ ফুটবলে মাঠে নেমেছিলেন। দক্ষিণ আফ্রিকার স্বপ্ন পূরণের লড়াইয়ে তিনি সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। যদিও সেই ম্যাচে হেরে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল, তবুও প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেওয়া সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই তরুণ মিডফিল্ডার।

জেডেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল এক প্রতিভাকে হারাল। মন্ত্রী আরও বলেন, একাডেমি ফুটবল থেকে জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে ওঠার এই যাত্রা তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক ছিল। তার মৃত্যুতে কেবল পরিবার বা সতীর্থরাই নয়, পুরো দেশ শোকাহত।

মৃত্যুর কারণ সম্পর্কে মন্ত্রী ম্যাকেঞ্জি বলেন, জেডেনের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো জানানো হয়নি। এ বিষয়ে গণমাধ্যম ও সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি জানান, যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানাবে।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়নও এই তরুণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপে জেডেন গর্ব, সাহস ও নিষ্ঠার সাথে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার এই অকাল প্রস্থান দক্ষিণ আফ্রিকার ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শেয়ার করুন