১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

প্রকাশ:

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমার দিকে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে মক্কার দক্ষিণ দিক থেকে প্রতিহত করে এবং নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই তা ভূপাতিত করা হয়। সৌদি আরবের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ড্রোনটি নিক্ষেপ করেছিল। তবে হুতি কর্তৃপক্ষ মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার খবরের তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে সরকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সব সময় পূর্ণ সম্মান দেখাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।

সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি প্রতিহত করা হয়। মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় প্রচেষ্টার ঘটনা। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল হুতিদের বিরুদ্ধে। তবে হুতিরা বরাবরই তাদের বিরুদ্ধে আনা এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

শেয়ার করুন